খবর লাইভ : কোচবিহারের শীতলকুচিতে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। ৬০টার মধ্যে ৫০টির বেশি আসনে জিতে গিয়েছে বিজেপি। দিদি নিজেই হেরে যাবেন। উত্তরবঙ্গের একটিও আসন দিদির হাতে যাওয়া চলবে না। নন্দীগ্রামে ভোট মিটতেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের সুর অমিত শাহের গলায়।
ভোটপ্রচারে রাজ্যে আজ অমিত শাহ। প্রচারে এসে ঝাঁঝালো আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি এদিন বলেন, ‘২ মে দিদি যাচ্ছেন। নন্দীগ্রামে হেরে গেছেন মমতা। উত্তরবঙ্গে আচ্ছে দিন আসছে। বাংলায় হিংসার শেষ হবে। এবার মোদিজিকে সুযোগ দিন।’ পাশাপাশি অমিত শাহের প্রতিশ্রুতি, এখানে সবচেয়ে বড় সমস্যা হল অনুপ্রবেশ। ক্ষমতায় এলেই বিএসএফের সঙ্গে বসে অনুপ্রবেশ ১০০ শতাংশ বন্ধ করা হবে।
এদিন তাঁর বক্তব্যে উঠে আসে গোর্খা, রাজবংশী ও আদিবাসীদের প্রসঙ্গও। তিনি বলেন, আপনাদের দীর্ঘদিন ধরে অন্যায় সহ্য করতে হয়েছে। লোকসভা ভোটে আপনারা মোদিজির ওপর ভরসা করেছিলেন। পশ্চিমবঙ্গে তিনি একা কিছু করতে পারবেন না। এখানে এমন সরকার চাই, যারা মোদিজির হাত মজবুত করবেন।




