
খবর লাইভ: তৃণমূলের পর এবার প্রার্থী নিয়ে অসন্তোষ গেরুয়া শিবিরেও। প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বিজেপি প্রার্থী প্রশান্ত বেরার অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা।
শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দানা বাঁধে অসন্তোষ। টিকিট না পেয়ে দল ছাড়েন মমতা ঘনিষ্ঠ সোনালী গুহ, সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। টিকিট পেয়েও স্রেফ আসন পছন্দ না হওয়ায় ঘাসফুলের সংশ্রব ত্যাগ করেন মালদহের হবিবপুরের সরলা মুর্মু। ওইদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন বিজেপির নেতৃত্বও। ওই তালিকায় দাসপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখা যায় প্রশান্ত বেরার নাম। তার জেরেই দানা বাঁধে অসন্তোষ। যদিও সেদিন কোনও বিক্ষোভের আঁচ টের পাননি বিজেপি নেতারা।
সোমবার বিকেলে দাসপুরে সড়ক অবরোধ করেন দলের বিক্ষুব্ধরা। তাঁদের অভিযোগ, দলেরই কয়েকজনের বিরুদ্ধে প্রশান্ত মিথ্যে মামলা করেছেন। তাই প্রশান্তকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। যদিও বিক্ষুব্ধদের অভিযোগ মিথ্যে বলেই দাবি প্রশান্তের অনুগামীদের।
এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পদ্ম শিবির। ঘটনার নেপথ্যে কারা, তা খতিয়ে দেখছে গেরুয়া শিবির।



