খবর লাইভ: প্রথমে অনেকেই দেখে নাক শিঁটকোতেন, মেয়ে কিনা ড্রাইভার! দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্টিয়ারিং ধরেছেন। দুই ছেলেকে বড় করে তোলার জন্য বসেছেন চালকের সিটে। মাঝরাত হোক কিংবা ভোর, গাড়ির চাকা ঘুরিয়ে বদলাতে চেয়েছেন জীবনের চাকা। অসীম সাহসী প্রথম এই মহিলা ক্যাব চালকের নাম মানসী মৃধা দত্ত। এবার তাঁর দেখানো পথ অবলম্বন করেই জীবনের চাকা ঘোরাতে চাইছেন শঙ্করী, রেবা, মিঠু, অর্চনারা। আন্তর্জাতিক নারী দিবসে তাঁরা হয়ে উঠেছেন মহিলা সমাজের অনুপ্রেরণা।
প্রায় ছ’বছর ধরে মানসীদেবী গাড়ি চালাতে পারেন। কিন্তু রাজ্য সরকারের অধীনে সম্প্রতি গতিধারা প্রকল্পে পিঙ্ক ক্যাব চালাচ্ছেন। সন্তোষপুরে বাড়ি মানসীদেবীর। স্বামী নেই। দুই ছেলেকে নিয়েই সংসার। পিঙ্ক ক্যাব কেনার পর তা অ্যাপ ক্যাব সংস্থায় চুক্তিবদ্ধ করে নেন।
কিছু মহিলার কর্মসংস্থানের কথা ভেবে এই পিঙ্ক ক্যাব পরিষেবার সূচনা করেছিলেন। শুরুতে আটজন গাড়ি নামালেও এখন সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। প্রায় ৩৫ জন মহিলা ক্যাব চালান। তবে সবাই যে পিঙ্ক ক্যাবই চালান তেমনটা নয়। চালান অন্য অ্যাপ ক্যাবও। কিন্তু পথটা দেখিয়েছিলেন মানসী।



