খবর লাইভ : সাড়ে তিন বছরের বন্দি জীবনের পর অবশেষে মুক্তি পেয়ে নাকতলার বাড়িতে ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার মুক্তি পাওয়ার পর তিনি জানিয়েছেন, আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি। সেই সঙ্গে এসআইআর নিয়েও মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমি তো বৈধ ভোটার, তাহলে আমি কেন সহযোগিতা করব না? আমি তিন বছর কাগজ পড়িনি, টিভি দেখিনি। এখনও শারীরিক, মানসিক দিক থেকে পুরোপুরি আগের অবস্থায় ফিরতে পারিনি। তবে কর্মযজ্ঞে ফেরার চেষ্টা করছি। কাল সারারাত ঘুমোতে পারিনি। আমার ভাই ও ভাইয়ের মেয়েরা এসেছিল, ওদের সঙ্গে যতটা পেরেছি গল্প করেছি।”
তিনি আরও বলেন, “সোনা গলানোর চেষ্টা করলে খাঁটি সোনা তো গলে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি বিষয়ে মন্তব্য করব না। বিচারালয়েই বিচার পাব, সত্যের জয় একদিন হবেই।” বেহালা পশ্চিমের বিধায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার আবারও নিজের কেন্দ্রে গিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চান তিনি। “আমি মানুষের প্রতি দায়বদ্ধ। ২৫ বছর মানুষ আমাকে জিতিয়েছে। তাদের কাছেই বিচার চাইব। গণতন্ত্রে গণদেবতার কাছে বিচারের দাবি জানাব। প্রয়োজনে অটো নিয়ে ঘুরব। আমি অসৎ নই, আমি নির্দোষ। আমি দলনেত্রীর প্রতি আস্থাশীল,” বলেন পার্থ বাবু।
তিনি জানান, ভোটার তালিকা সংশোধনে সহযোগিতা করতে তিনি সদা প্রস্তুত। বর্তমানে বাড়িতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে সূত্রের খবর — খুব শিগগিরই বেহালার ঘরে ঘরে দেখা মিলতে পারে তাঁর। তৃণমূলের একদা প্রভাবশালী এই নেতার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।




