খবর লাইভ : আগেই শোনা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভায় থাকছেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এর আগে শনিবার রাতেই শহরে পা রাখেন মিঠুন। তারপর গভীর রাতে বেলগাছিয়ায় রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। রাতে কলকাতায় নামার পর বিমানবন্দরের বাইরে মোদির ব্রিগেডে যাওয়া প্রসঙ্গে মিঠুন বলেন, ‘হ্যা, আমি যাচ্ছি। ১২টার সময় দেখা হবে।’ মিঠুন চক্রবর্তী কী তাহলে বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে মিঠুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘সেটা তো আগামিকাল জানতে পারবেন। অন্য কিছুও হতে পারে।’
এদিকে মিঠুনের সঙ্গে বৈঠকের পর ট্যুইট করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ‘রাতের দিকে বেলগাছিয়ায় জনপ্রিয় মিঠুন দার সঙ্গে বেলগাছিয়ায় আলোচনা হল। তাঁর দেশ প্রেম ও গরিবের প্রতি টানের গল্প শুনে মন ভালো হয়ে উঠল।’



