খবর লাইভ : ৮০ বছরের বেশি কোনও বিধায়ককেই এবারে প্রার্থী করেনি তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা বলেছিলেন প্রার্থী তালিকা ঘোষণার সময়ে। এই নিয়মের মধ্যেই পড়ে যান শিবপুরের দীর্ঘদিনের বিধায়ক জটু লাহিড়ী। টিকিট না পাওয়ায় অভিমানী জটু শেষ পর্যন্ত শিবির বদলালেন। চলে গেলেন একেবারে পদ্ম শিবিরে।
বিজেপি যখন প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় স্তরে শেষ পর্যায়ের আলোচনা চালাচ্ছে, তখন শিবির বদলে বিজেপিতে আগমন ঘটল জটুর। শিবির বদলে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে জটু বলেন, ‘এই সরকার যত তাড়াতাড়ি যাবে, তত মানুষের মঙ্গল। তত দেশের কল্যাণ হবে। কারণ, এই সরকার নীতি নৈতিকতাহীন হয়ে পড়েছে। বাংলাকে ভিখারী করে দিয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি শিবপুরের এই বিধায়ক তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তিনি যে শিবির বদলাতে চলেছেন, সেই ইঙ্গিত অনেকদিন থেকেই ছিল।


