খবর লাইভ : প্রায় ৩২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও আয়কর তল্লাশি চলছে হুগলির পোলবার মহানাদে মদের কারখানায়। মঙ্গলবার ভোরে আয়কর দফতরের আধিকারিকদের একটি দল সিআরপিএফ জওয়ানদের নিয়ে মদ কারখানায় তল্লাশি করতে ঢোকেন।প্রথমে কারখানার অ্যাকাউন্টস্ বিভাগের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। শুরু হয় নথি খতিয়ে দেখা। মঙ্গলবার সাধারণ শ্রমিকরা কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বুধবার অবশ্য কারখানার আশপাশেও কোনও শ্রমিকের দেখা মেলেনি। কারখানার গেট দিয়ে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে, আয়কর আধিকারিকরা ভিতরে পায়চারি করছেন। সিআরপিএফ জওয়ানদের কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে।
জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা কারখানার কম্পিউটার থেকে যাবতীয় তথ্য পেন ড্রাইভে কপি করে নিয়েছেন। মদের স্টক, শ্রমিকদের রেজিস্ট্রার খাতা-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে।কারখানার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখোপাধ্যায়কে অবশ্য দেখা যায়নি।
এই কারখানায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় তিনশো জন শ্রমিক কাজ করেন। রোজ সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় কাজ। চলে সন্ধে ছটা পর্যন্ত। কিন্তু এদিন সকালে এসে তারা দেখেন কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে কী হচ্ছে সেই নিয়ে চলছে জল্পনা। আচমকা কারখানায় আয়কর হানায় চাঞ্চল্য এলাকায়। কারখানার বাইরে ভিড় করে রয়েছেন শ্রমিকেরা। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানে তাদের রুজি রুটিতে কোনও টান পড়বে কিনা সেই নিয়ে আশঙ্কিত সকলে।
আয়কর অভিযান চলছে শুনে স্থানীয়রা অনেকেও ভিড় জমান সেখানে। গ্রাম পঞ্চায়েত শুভেন্দু দাস বলেন, ‘১০-১২ বছর ধরে কারখানা চলছে এখানে। কখনও এরকম ঘটনা ঘটেনি। ভিতরে কী হচ্ছে এখন বাইরে না বেরলে বলা সম্ভব নয়। তবে কারখানায় অনেক মানুষ কাজ করেন। এখন দেখা যাক কী হয়।’




