খবর লাইভ : জেল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার হলেন আনিসুর রহমান। মঙ্গলবার বিকেলে কোলাঘাট থেকে তাঁকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর পুলিশ। তারপর তাঁকে তমলুকে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে জেল থেকে ছাড়া পেয়ে আনিসুর রহমান মেচেদা হয়ে কোলাঘাটের দিকে গিয়েছেন বলে খবর পায় পুলিশ। সঙ্গে তাঁর অনুগামীরাও ছিলেন। এরপর কোলাঘাট থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি তৃণমূল কর্মী কোরবান শাহ খুনে অভিযুক্ত আনিসুর ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই অনুসারে তমলুক আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান সরকারি আইনজীবী। রাজ্য সরকারের সেই আবেদন গ্রহণ করে আনিসুরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় তমলুক আদালত। মঙ্গলবারই মুক্তি পান তিনি। কিন্তু রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কোরবান শাহের পরিবার। মঙ্গলবার হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে আনিসুরকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেয়। এরপরই আনিসুরকে গ্রেফতারের তৎপরতা শুরু হয় জেলা পুলিশের তরফে। অবশেষে মুক্তির দেড় ঘণ্টার মধ্যে ফের তাঁকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।



