খবর লাইভ : প্যারিস অলিম্পিক্সে তৃতীয় দিনের শুরুটা অঘটন দিয়ে শুরু হল ভারতের। ব্যাডমিন্টনে ডাবলসে দ্বিতীয় ম্যাচ খেলারই সুযোগ পেলেন না সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। দ্বিতীয় ম্যাচে তাদের খেলা ছিল জার্মানির মার্ক ল্যামসফুস ও মার্ভিন সেইডেলের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের আগেই চোট পান মার্ক। সেই কারণে জার্মান জুটি নাম তুলে নেন। যার নিট ফল, সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার নিয়ম অনুযায়ী, অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় কোনও প্রতিযোগী নাম তুলে নিলে তার সব ম্যাচ বাতিল হিসাবে ধরা হয়। বাকিদের নিয়ে হয় প্রতিযোগিতা। সাত্ত্বিকেরা প্রথম ম্যাচ জেতায় সেই ম্যাচের পয়েন্ট পেয়েছেন। পরের ম্যাচের উপর তাঁদের কোয়ার্টার ফাইনালে ওঠা নির্ভর করছে।
আরও পড়ুনঃ সরকার ফেলার চেষ্টাতেই কোটা সংস্কার আন্দোলন, কড়া হাতে মোকাবিলার চেষ্টা হাসিনা সরকারের
এদিকে সিঙ্গলসে নিজের প্রথম ম্যাচ জেতার পরেও কোনও পয়েন্ট পেলেন না লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ কেভিন কর্ডন নাম তুলে নেওয়ায় এই ঘটনা ঘটেছে।সিঙ্গলসে প্রথম ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডনকে হারান লক্ষ্য। স্ট্রেট গেমে জেতেন তিনি। কিন্তু দু’দিন পরেই জানা গিয়েছে, লক্ষ্য পয়েন্ট পাননি। কারণ, কর্ডন চোটের কারণে অলিম্পিক্স থেকে নাম তুলে নিয়েছেন। তাই তার প্রতিটি ম্যাচই বাতিল ধরা হচ্ছে। সেই কারণে, লক্ষ্য খেলে ম্যাচ জিতলেও পয়েন্ট পাননি। তিনি যে গ্রুপে রয়েছেন সেখানে প্রথমে চার জন প্রতিযোগী ছিলেন। এখন তা কমে তিন জন হয়েছে।




