খবর লাইভ : ঐতিহ্য ও ভক্তিরস মিলেমিশে এক হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। বিয়ে উপলক্ষ্যে বাসভবন অ্যান্টিলিয়াতে শিব শক্তি পুজোর আয়োজন করেছিল আম্বানি পরিবার। উপস্থিত ছিলেন এমএস ধোনি, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
অ্যান্টিলিয়ায় রয়েছে সুন্দরভাবে সজ্জিত মন্দির। আম্বানি পরিবারের আধ্যাত্মিক ও ভক্তির পীঠস্থান। সেখানেই শিব শক্তি পুজোর আয়োজন করা হয়। হবু বরের পিতামাতা মুকেশ আম্বানি ও নীতা আম্বানি পবিত্র শিবলিঙ্গে দুধ অর্পণ করেন। অনন্ত-রাধিকার সমৃদ্ধি ও সম্প্রীতি কামনায় দুগ্ধাভিষেক করেন তাঁরা।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে অন্তবর্তী জামিন মঞ্জুর, এখনই জেলমুক্তি নয় কেজরিওয়ালের
অভিষেকের পর গোটা আম্বানি পরিবার অংশ নেয় মহা আরতিতে। চলে শিব শক্তির আরাধনা। আরতি শেষে আম্বানি পরিবার ও অতিথিরা একযোগে বলে ওঠেন “হর হর মহাদেব”। অ্যান্টিলিয়ার আকাশে বাতাসে ধ্বনিত হয় দেবাদিদেবের মহামন্ত্র। এদিনের অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন গীতিকার ও গায়ক অমিত ত্রিবেদী। ‘কেদারনাথ’ সিনেমার জনপ্রিয় গান ‘নমো নমো’ গেয়েছেন তিনি।
আজ শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর। তার আগে জমকালো এই অনুষ্ঠান যেন সুর বেঁধে দিল মূল বিবাহ বাসরের। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পাশাপাশি কিম কার্দাশিয়ান এবং খলো কারদাশিয়ানের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিদের উপস্থিতির কারণে শুধু ভারতেই নয়, বিদেশেও বছরের সবচেয়ে আলোচিত বিবাহ করে তুলেছে।




