খবর লাইভ : ফের নাগরিক হেনস্থার অভিযোগ উঠল কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এবার অভিযুক্ত জোড়া বাগান ট্রাফিক গার্ড। একজন শিক্ষককে বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ উঠেছে কলকাতা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। বুধবার ওই শিক্ষক কামাল হোসেনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে মামলা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতে ওই শিক্ষকের অভিযোগ, বেআইনিভাবে জরিমানার প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট পুলিশ কর্মী যেভাবে অকথ্য ভাষা ব্যবহার করেছেন এবং উদ্ধত আচরণ করেছেন। এরই প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
শিক্ষকের অভিযোগ, ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। তা সত্ত্বেও তাকে বেআইনিভাবে জরিমানা করেন ওই ট্রাফিক সার্জেন্ট। তিনি এনিয়ে প্রতিবাদ জানালে ট্রাফিক সার্জেন্ট তাকে নানাভাবে হেনস্থা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মূলত সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষক।
আরও পড়ুনঃ এবার সেলফি তোলা নিয়ে ঝগড়া বাধল মাউন্ট এভারেস্টের চূড়ায়
শুক্রবার এই মামলার শুনানি শোনার পর আদালত রায় দিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, একজন জনপ্রিয় শিক্ষককে কেন এইভাবে হেনস্থা করা হলো তা হলফনামা আকারে আগামী ১৮ জুলাই এর মধ্যে আদালতে জমা দিতে হবে কলকাতা ট্রাফিক পুলিশকে। এমনকী , তাকে বেআইনিভাবে ৫০০ টাকা যে জরিমানা করা হয়েছে তাও নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এরই পাশাপাশি, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং একজন কনস্টেবল কীভাবে ট্রাফিক সার্জেন্টের কাজ করতে পারেন তাও জানাতে হবে কলকাতা ট্রাফিক পুলিশকে।



