খবর লাইভ : হাইওয়ের উপর দিয়ে ছুটছিল এক্সপ্রেস বাস। আচমকাই একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা। উল্টে যায় বাসটি। বুধবার ভোররাতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। আহত আরও অনেকে।
বুধবার ভোরে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছাড়ে। গন্তব্য ছিল দিল্লি। ভোরবেলা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতা মুজাওয়ার এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঙ্গারমাউ এবং বেহতা মুজাওয়ার থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন এসডিএম নম্রতা সিংও। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ এখনও চলছে।




