খবর লাইভ : ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে গোটা দেশে শোরগোল পরে গিয়েছে। এই আবহে স্নাতকোত্তর স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি চলতি জুলাই মাসেই নেওয়া হতে পারে বলে খবর। প্রশ্ন ফাঁস এড়াতে অবলম্বন করা হবে নয়া কৌশল।
এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা শুরুর ঠিক ২ ঘণ্টা আগে প্রশ্ন পত্র তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে এমন সিদ্ধান্তের কথায় উঠে আসছে। পরীক্ষার পরবর্তী তারিখ জানা যাবে এই ওয়েবসাইটে।
উল্লেখ্য, গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে আচমকাই তা স্থগিত হয়ে যায়। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েও ফিরে আসতে হয় বহুজনকে।
যা নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান।




