খবর লাইভ : রাজ্যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্তর্বর্তী নির্দেশে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে রায় দিয়েছিল তা খারিজ করা হল। এখন এই বিশাল সংখ্যক প্রার্থীকে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর প্রয়োজনীয়তা নেই বলেই মত আদালতের।
তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ-করা আবেদনকারীদের বক্তব্য শুনতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও শীর্ষ আদালত মামলার যৌক্তিকতার (মেরিট) উপর হস্তক্ষেপ করেনি। সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামিদিনে হাই কোর্টের ডিভিশন বেঞ্চই এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের ওই রায়ের ফলে ৩২,০০০ চাকরিচ্যুত শিক্ষক শুধু নন, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের জন্যও নিয়োগে অংশ নেওয়ার দরজা খুলে যায়। অর্থাৎ, ওই নির্দেশ মোতাবেক প্রায় ১ লক্ষের বেশি প্রার্থীকে নিয়ে পর্ষদকে আবার শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থায় একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং চাকরিচ্যুতদের একাংশ।
আরও পড়ুনঃ মোদির সফর উপলক্ষে বুর্জ খলিফাকে জাতীয় পতাকার রঙে সাজানো হল
গত ১৯ মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত ওই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। তবে তাঁদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। সেখানে সফল হলেই চাকরি থাকবে, নইলে নয়। অর্থাৎ, ডিভিশন বেঞ্চের রায়ের ফলে চাকরি বহাল থাকে ৩২,০০০ জনের।




