খবর লাইভ : প্রতিদিনের মতো ক্লাস চলছিল স্বাভাবিকভাবেই।শিক্ষককে প্রশ্ন করতে উঠেছিল এক ছাত্র। মেজাজ হারিয়ে ক্লাসের মধ্যেই ডাস্টার দিয়ে জোটে বেধড়ক মার। তারপর কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতেই দেখা যায় ঝড়ঝড় করে ছাত্রটির নাক থেকে রক্ত পড়ছে।ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার অমরেন্দ্র বিদ্যাপীঠে।অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আহত নাবালকের পরিবার।
পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের নাম আশিস আদক। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্র সোমনাথ রায়ের মা।জানা গেছে, বুধবার ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপরে লাফালাফা করছিল। সোমনাথ সেই বিষয়ে নালিশ করতে শিক্ষক আশিস আদকের কাছে যায়। অভিযোগ, শিশুটির কোনও কথা না শুনেই ওই ছাত্রকে ডাস্টার দিয়ে মেরে নাক ফাটিয়ে দেন অভিযুক্ত শিক্ষক।শুধু তাই নয়,ছাত্রের কলার ধরে টানতে-টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে থাকেন। সেই সময় সোমনাথের নাক থেকে রক্ত পড়তে দেখেন কয়েকজন শিক্ষক ও শিক্ষিকারা। তাঁরাই উদ্ধার করেন সোমনাথকে। তড়িঘড়ি তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ছাত্রটির মাকেও।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, এই শিক্ষকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে।আজকে অভিভাবকদের নিয়ে বৈঠক হয়েছে। তাঁদের দাবি আমরা এসআই-এর কাছে পৌঁছে দেব।” অপরদিকে স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্যের বক্তব্য, ছাত্রটিকে যেভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক প্রশাসন।
অন্যদিকে আহত ছাত্রের মা জানান, তাঁর ছেলেকে এভাবে মারধর করায় যথেষ্ট আতঙ্কিত তিনি। আগামীদিনে অন্য কোনও ছাত্রেরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।




