খবর লাইভ : শনিবার বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা।সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের প্রাবল্য আরও বৃদ্ধি পাবে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধির কারণে রবি এবং সোমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টির কারণে রবিবার কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন বৃষ্টির সময় সাধারণ মানুষকে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং এতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। আর সেই কারণেই দু’দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে ভিজবে সারা রাজ্য।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি।




