খবর লাইভ : ফের দিল্লির সাকেত আদালত চত্বরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার সকালে এই গুলি চালনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বর জুড়ে।
দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা কিন্তু নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও এমন ঘটনা ঘটেছিল। সে বার গুলির লড়াইয়ে তিন জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন।
পুলিশ সূত্রে খবর, হামলাকারী এক জন কুখ্যাত দুষ্কৃতী। নিরাপত্তা এড়াতে তিনি আইনজীবীর পোশাক পড়ে আদালতে এসেছিলেন। গুলি চালানোর পর নির্দ্বিধায় তিনি আদালত চত্বর ছেড়ে চলে যান।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহিলা একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন। মহিলাকে লক্ষ্য করে পর পর চারটি গুলি চালান তিনি। তিনটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি লাগে মহিলার শরীরে। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি।
তাঁকে উদ্ধার করে দ্রুত এমসে নিয়ে যাওয়া হয়েছে। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। কেন তাঁকে গুলি করা হল, সে বিষয়টিও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীর খোঁজ চালানো হচ্ছে।




