খবর লাইভ : জেলের নিয়ম ভেঙে পার্থ কী করে তাঁর হাতের আংটি পরে আছেন, তা নিয়ে বুধবার শুনানি চলাকালীনই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারক। পরে পার্থ সেই আংটি খুলেও রাখেন বলে জানা যায়। ঠিক তার পরের দিন সকালেই আংটি নিয়ে মন্তব্য করেন কুন্তল। প্রেসিডেন্সি জেলে তখন পুলিশের গাড়ি থেকে সবে নামছিলেন। কুন্তলকে প্রশ্ন করা হয়, ‘‘সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ নিয়ে কী বলবেন?’’ এ-ও জানতে চাওয়া হয়, নিয়োগ মামলায় সম্প্রতি গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কি তাঁর কোনও সম্পর্ক আছে? জবাবে কিছুটা হাসিমুখেই দু’হাত দেখিয়ে কুন্তল বলেন, ‘‘আমার হাতে আংটি নেই। তবে ঘামাচি আছে।’’
অনেকে আবার কুন্তলের মন্তব্যের বিশ্লেষণ করে এমনও বলছেন, ওই কথার মধ্যে দিয়ে আসলে কুন্তল বলতে চেয়েছেন তিনি ‘প্রভাবশালী’ নন। পার্থের মতো তাঁর হাতে আংটি রাখতে দেওয়া হয়নি। কিন্তু এই প্রবল গরমে তাঁর হাতে ঘামাচি বেরিয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলের একই ব্লকে থাকছেন কুন্তল এবং পার্থ। পহেলা বাইশ নামের ওই ব্লক সাধারণত ভিআইপি বন্দিদের জন্য বলেই পরিচিত।
বৃহস্পতিবার কুন্তলের সঙ্গে নিয়োগ মামলায় অভিযুক্ত তাপস সাহাকেও আনা হয়েছিল আলিপুরের সিবিআই কোর্টে। সেখানে তাপসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যা বলার বাইরে বেরিয়ে বলব।’’ তবে আকারে ইঙ্গিতে যে সবাই পার্থর দিকেই আঙ্গুল তুলছেন তা স্পষ্ট।




