খবর লাইভ : ছুটিতে গেলেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে শুক্রবার মারধরের অভিযোগ তুলেছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। এই ঘটনার পর পরই ওসির ছুটিতে চলে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, শুক্রবারের ঘটনার জেরে ওসিকে ছুটিতে পাঠানো হল? যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ অশান্তি রুখতে হাওড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
পুলিশ সূত্রে খবর, শুক্রবারের গোটা ঘটনার তদন্তের জন্য শনিবার সকালে গুন্ডাদমন শাখার এসি সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একটি তদন্তকারী দল তিলজলা থানায় গিয়েছে।
তিলজলায় সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর নৃশংস ভাবে খুনের ঘটনার তদন্তে তিলজলায় গিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। সেখানে হাজির হয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। ওসির বিরুদ্ধে ডিসি (এসইডি) শুভঙ্কর ভট্টাচার্যের কাছে শুক্রবার অভিযোগ জানান প্রিয়ঙ্ক। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
এই ঘটনার পর পরই ওসির ছুটিতে চলে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁর কী আগে থেকেই ছুটি নেওয়া ছিল, না কি শুক্রবারের ঘটনার জেরে ওসিকে ছুটিতে পাঠানো হল? যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকে ছুটিতে গিয়েছেন ওসি।




