খবর লাইভ : হাওড়ার শিবপুরে গলায় লোহার তার পেঁচিয়ে খুন করা হয়েছে। এমনটাই প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের। মৃত রইস আজামের চার বন্ধুকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, সন্ধে থেকেই খোঁজ মিলছিল না ১৮ বছরের মহম্মদ রইস আজামের। রাত ১২টা নাগাদ বাড়ির কাছেই শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ক্ষুর দিয়ে গলার নলি কাটার চেষ্টা হয় তরুণের, গলায় পেঁচানো ছিল লোহার তার। দেহের একাধিক জায়গায় মেলে আঘাতের চিহ্ন। মদের আসরে বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।




