খবর লাইভ : তৃতীয় ঢেউয়ের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করার দিকেই এগিয়ে চলেছে দেশের করোনা চিত্র? কারণ, মাঝখানে দু’একদিন বাদ দিলে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৪০ হাজারের উপরে। শুক্রবার তা আরও খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে একেবারে ৪৫ হাজারের দোরগোড়ায়। যা কিনা রীতিমতো বিপদসংকেত দিচ্ছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ৫৭ হাজার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। যদিও আগের দিনের থেকে কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪১ হাজার ৯৬ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও বেশ খানিকটা কম। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা বেড়েছে অ্যাকটিভ কেস। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৯ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার ৫৯৫ জন।




