খবর লাইভ : সপ্তাহের দ্বিতীয় দিন থেকে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ ও কাল কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ থেকে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতিবার থেকে জেলাগুলোয় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
কী কারণে এই বৃষ্টি? রাজ্যে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার ওপর রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে ঝাড়খন্ড ও বাংলার উপর দিয়ে। এমনিতেই এবার দু সপ্তাহ আগেই বাংলায় বর্ষা ঢুকে পড়েছে। আবহবিদদের ব্যাখ্যা, একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা ও জলীয়বাষ্পের উপস্থিতিতে ফের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে চলেছে। এই মাসে কলকাতায় যে পরিমান বৃষ্টি হয়েছে তা জুনের গড় বৃষ্টির পরিমাণকে ছাপিয়ে গিয়েছে।




