খবর লাইভ : করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কয়েকদিন আগেই মিলখার স্ত্রী নির্মল কৌর প্রয়াত হন। এবার মিলখা সিংহও প্রয়াত হলেন। উড়ন্ত শিখের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকেই শরীরে করোনা পরবর্তী জটিলতা বাড়তে থাকে প্রবীণ এই ক্রীড়াবিদের। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। কয়েকদিন আগেই তিনি অবশ্য করোনা যুদ্ধে জয়লাভ করেছিলেন।
গত ২০মে কোভিডে আক্রান্ত হন। ২৪মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩ জুন আবার হাসপাতালে ভর্তি করতে হয় মিলখাকে। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি। গত ১৩ জুন মারা গিয়েছিলেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন।
১৯৫৮ কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন মিলখা। ১৯৬০ রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। তাঁকে পদ্মশ্রী পুরস্কারও দিয়েছিল কেন্দ্রীয় সরকার।




