খবর লাইভ : দেড় মাস পর রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার সকালে এক বৃদ্ধের কোভিডে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। নদিয়ার বাসিন্দা বছর ৭২–এর গোবিন্দ কুণ্ডু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। সল্টলেক আমরিতে গত চারদিন ধরে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরি থেকে বেলেঘাটা আইডিতে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে খবর, রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। আইডিতে আইসিইউ–তে বাইপ্যাপে দেওয়া হয়েছিল। এদিন সকালে মৃত্যু হয়। রোগীর একাধিক কো–মর্বিডিটি ছিল। আগে থেকে রোগীর ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১৯৭৭ সালে এই রোগীর যক্ষ্মা হয়েছিল বলেও জানা গেছে।
আরও পড়ুনঃ পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!
প্রসঙ্গত ১১ ফেব্রুয়ারি বেলেঘাটা আইডি–তে বিহারের বাসিন্দা ৮১ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয় কোভিডে।এদিনের ঘটনা নিয়ে এবছর কোভিডে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। এক স্বাস্থ্য কর্তা জানান, এখন হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা প্রায় নেই বললেই চলে। মৃত্যুও যে দু–একজনের হয়েছে তাঁরা বয়স্ক রোগী ছিলেন। ছিল একাধিক কো–মর্বিডিটি।
গোটা দেশেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। যে কারণে উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের। কোভিড পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছে। এরাজ্যে এখনও উদ্বেগজনক পরিস্থিতি হয়নি। সংক্রমণ যদি বাড়ে সেক্ষেত্রে সামাল দেওয়ার মতো সব হাসপাতালই প্রস্তুত রয়েছে। কোভিড এখনও পুরো চলে যায়নি। তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।




