খবর লাইভ : রাজ্য ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের তোলা অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভোট হিংসা নিয়ে রাজ্যপালের চিঠি ও লাগাতার টুইট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের চোখে (সংবাদমাধ্যম) কি হিংসার ছবি ধরা পড়ছে? তাও কেউ কেউ হিংসার পরিস্থিতি দেখছেন। বাচ্চা ছেলে তো নয় যে বকাঝকা করে চুপ করিয়ে দেব। চোখে ন্যাবা হলে আমি কী করব!’
সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিয়ে আসা রাজ্যপাল জগদীপ ধনকর যেভাবে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন তাতে যে তিনি যথেষ্টই বিরক্ত, তাও এদিন বুঝিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপালকে ফিরিয়ে নেওয়ার জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেশ কয়েকবার চিঠি দিয়েছিলেন, তা উল্লেখ করে মমতা বলেন, ‘যখন নিয়োগ করা হয়েছিল, তখনও আমাকে জানানো হয়নি। সাধারণত নিয়ম হল, রাজ্যের সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল নিয়োগ করা হয়। অতীতেও করেনি, এখনও করছে না। আমি তো প্রধানমন্ত্রীকে দুই-তিন বার চিঠি দিয়েছিলাম ওনাকে (রাজ্যপাল) ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু কোনও উত্তর পাইনি। উনি তো আসলে ওদের লোক।’
রাজ্যে হিংসাত্মক কোনও কার্যকলাপ যে তিনি বরদাস্ত করবেন না, তাও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ভোটের সময় সামান্য গোলমাল হয়েছিল। তাও তখন নির্বাচন কমিশনের অধীনে ছিল পুলিশ ও প্রশাসন। নতুন মন্ত্রিসভা গঠনের পরে আর কোনও রাজনৈতিক হিংসা হয়নি। আমি যে কোনও হিংসার নিন্দা করি। এখানে কোনও হিংসা হচ্ছে না। দু-একটি ক্ষেত্রে যা হচ্ছে তা পারিবারিক হিংসা। তাছাড়া এটা বিজেপির গিমিক ভায়োলেন্স। কোনও হিংসার ঘটনা ঘটলেই পুলিসকে স্ট্রং আ্যাকশন নিতে বলি।’




