Special News State

‘ট্রোজান হর্স’-এর সঙ্গে তুলনা করে ম‍ুক‍ুলকে ঝাঁঝালো আক্রমণ তথাগতর

0
(0)

খবর লাইভ : কখনও তিনি মুকুল রায়কে তুলনা করছেন মানব শরীরের মল-মূত্রের সঙ্গে তো কখনও তুলনা করছেন গ্রিক মহাকাব্যের ট্রয়ের ঘোড়ার সঙ্গে। আর তাই বাঙালিকে ধাক্কা খেতে হচ্ছে এই তুলনাগুলির সঙ্গে। নজরে তথাগত রায়। মুকুল কাণ্ডে তিনি একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। বিজেপির কাছে চূড়ান্ত অস্বস্তিকর অবস্থায় যখন যতটা সম্ভব মুকুলের দলবদলের ঘটনাকে গুরুত্বহীন বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে তথাগত ততই মুকুলকে নিয়ে একের পর এক টুইট করে কার্যত বিষয়টিকে চর্চার মধ্যে নিয়ে আসছেন। আর তার জেরেই এবার অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু মজা হচ্ছে তথাগতকে চুপ করাতে কেউ পারছেন না। অগত্যা তাঁর আক্রমণই হজম করতে হচ্ছে বিজেপির নেতাদের। বিশেষ করে রাজ্য বিজেপির ক্ষমতাসীন দিলীপ ঘোষ গোষ্ঠীকে।

এদিন তাঁর টুইটে মুকুল রায়কে ‘ট্রোজান হর্স’-এর সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে দলীয় নেতৃত্বকে সতর্ক করেছেন গুপ্ত শত্রুদের সম্পর্কে। গ্রিক মহাকাব্য ইলিয়াডে বর্ণিত ট্রয়ের ঘোড়ার সঙ্গে তিনি তুলনা করেছেন তৃণমূল ছেড়ে আসা নেতাদের একাংশের যার প্রধান মুখ অবশ্যই মুকুল রায়। কাঠের তৈরি যে ঘোড়াকে ট্রয়ের যোদ্ধারা নিজেরাই টেনে নিয়ে গিয়েছিল নগরীর অন্দরে। আর রাতের অন্ধকারে ঘোড়ার পেটে লুকিয়ে থাকা গ্রিক সেনারা বেরিয়ে এসে ছারখার করে দিয়েছিল যে ট্রয় নগরীকে তার সঙ্গে তৃণমূল থেকে আসা নেতাদের বঙ্গ বিজেপিকে তুলনা করেছেন তথাগত। মুকুল প্রসঙ্গে তথাগত লিখেছেন, ‘স্পষ্টই মুকুল ছিলেন ট্রোজান হর্স। বিজেপি তাঁকে স্বাগত জানানোর পরে তিনি দলের সর্বভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ গড়ে তুললেন। রাজ্য নেতাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেললেন। দলের অন্দরের সমস্ত কথা বিস্তারিত ভাবে জানলেন এবং ফিরে (তৃণমূলে) গেলেন।’

অন্য একটি টুইটে বিজেপির অন্দরে এখন যে গুপ্তশত্রু রয়েছে সেই ইঙ্গিত করে তথাগত লিখেছেন, ‘সব কিছুই মমতার কাছে ফাঁস করে দিয়েছেন। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন বড় প্রশ্ন হল, মুকুল কি ট্রোজান হর্স-এর ভিতরেও ট্রোজান হর্স রেখে দিয়ে গেলেন? আমি ভাবতাম, মুকুল কেন আমার সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যান। এখন সেটা স্পষ্ট।’ তথাগত মনে করিয়ে দিয়েছেন, ১০ বছর ধরে লড়াই চালিয়েও গ্রিক যোদ্ধারা ট্রয় নগরী দখল করতে পারেনি। কিন্তু কৌশলে সৈন্য-ভরা কাঠের ঘোড়া পাঠিয়ে এক রাতেই ছারখার করে দিয়েছিল ট্রয়। বাংলার রাজনীতিতে প্রাচীন সেই গ্রিক মহাকাব্য ‘রূপক’ হয়ে উঠেছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *