খবর লাইভ : পৃথক রাজ্যের দাবিতে একাধিক বার সরব হয়েছিলেন উত্তরবঙ্গের জনাকয়েক বিজেপি নেতা। এ বার রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও সৌমিত্রের দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন বাঁকুড়ার তৃণমূল নেতারা।সৌমিত্রের দাবি, রাঢ় বাংলা বঞ্চিত। তিনি সোমবার বলেন, ‘‘রাঢ় বাংলা এবং জঙ্গলমহলকে বঞ্চিত করা হচ্ছে। কলকাতার বাবুরা নেতা কেনাবেচা করবেন। কিন্তু আলাদা বঙ্গ হলে ক্ষতি কী আছে? পশ্চিমবাংলায় থেকে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে না। আমাদের নদী, আমাদের বীরভূমের সম্পত্তি, আমাদের জঙ্গলমহলের সম্পত্তি। আপনাদের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিশ্চয় থাকব। কিন্তু রাঢ়ভূমের উন্নয়নের জন্য কী পাচ্ছি? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, আসানসোল এই জায়গাগুলোকে কলকাতার বাবুদের কাছে রাখার কোনও মানে হয় না। এই জেলাগুলোকে নিয়ে আলাদা করে চিন্তা করলে খুব ভাল হয়।




