খবর লাইভ : বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম পাঁচতারা হোটেল হায়াত রিজেন্সি। কর্তৃপক্ষ জানিয়েছেন, কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই। তারপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় পাঁচতারা ওই হোটেল। হোটেলের জেনারেল ম্যানেজার হরদীপ মারওয়া জানিয়েছেন, পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে।
বিবৃতি দিয়ে হোটেলের জেনারেল ম্যানেজার হরদীপ মারওয়া জানিয়েছেন, কাজের জন্য কোনও টাকা পাঠায়নি প্যারেন্ট ফার্ম এশিয়ান হোটেলস (পশ্চিম) লিমিটেড। বিবৃতিতে তিনি আরও লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি এশিয়ান হোটেলস (পশ্চিম) লিমিটেড বেতন ও হোটেলের কাজের জন্য কোনও টাকা পাঠায়নি। তাই আপাতত হোটেলের সব কাজ বন্ধ থাকবে। অন্য কোনও নোটিস না আসা পর্যন্ত হোটেলও সম্পূর্ণ বন্ধ থাকবে।’
দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এরমধ্যে মুখ থুবড়ে পড়েছে হোটেল ব্যবসা। করোনা আবহে মুম্বইয়ের অবস্থা কিছুদিন আগেও বেশ খারাপ ছিল। সেই কারণেও ব্যবসায় মন্দা দেখা দেয়। যার ফলে কর্মীদের বেতন দেওয়ার মতোও অর্থ পড়ে নেই হায়াতের মতো হোটেলের কাছে।এমনই দাবি হোটেল কর্তৃপক্ষের। যার কারণে বাধ্য হয়ে হোটেল বন্ধের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।



