খবর লাইভ : ভর দুপুরে গুলি চললো সিঁথিতে। মঙ্গলবার দুপুরে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে গয়না ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতেই গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আত্মশাসনের জেরে শুনশান এলাকায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে হতবাক এলাকার মানুষজন।
দিনের আলোয় গুলি চালানোর ঘটনাটি ঘটেছে সিঁথির শম্ভুনাথ দাস রোড এলাকায়। এলাকার স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বারিক সকাল ১১ টা নাগাদ খুড়তুতো ভাইকে নিয়ে বেরোনোর সময় দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন। অভিযোগ দুজন দুষ্কৃতী বাইকে করে এসে ওই ব্যবসায়ীর কাছ থেকে ব্রেসলেট সোনার হার ছিনতাই করার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিতে গেলে দুষ্কৃতীরা বন্দুক বের করে গুলি চালায় তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খবর দেওয়া হয় বরানগর থানাতে। তদন্তকারী পুলিশের অনুমান, লকডাউনে রাস্তাঘাট শুনশান থাকায় সেই সুযোগেই দুষ্কৃতীরা ছিনতাইয়ের পরিকল্পনা করে।
স্বর্ণ ব্যবসায়ী পবিত্র বলেন, “এদিন দুপুরে কাকার বাড়িতে বাইক রাখতে ঢুকছিলাম। হঠাৎ গলায় অন্য হাতের স্পর্শ অনুভব করি। ঘাড় ঘোরানোর আগেই জোরে টান পড়ে গলায়। বুঝলাম চেনা কেউ নয়। কাকিমাকে চিৎকার করে ডাকতেই বন্দুক বার করে দুষ্কৃতীরা। আমার হাতের ব্রেসলেটটা খুলে নিয়ে পালিয়ে যায় ওরা।” পবিত্রর খুড়তুতো ভাই জানান, “দাদার সঙ্গে বেরোবো বলে তৈরি হচ্ছিলাম। ওর চিৎকার শুনে ছুটে আসতেই গুলির আওয়াজ পাই। ওদের বলতে শুনি এর পরেরটা গায়ে মেরে দেব। সেই মুহূর্তে আবার শূন্যে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।”
বরানগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দিলীপ নারায়ণ বসু বলেন, “এরকম ঘটনা এর আগে এখানে ঘটেনি, খুবই আশ্চর্যজনক। বরানগর থানার পুলিশ এসেছেন। এটা স্বর্ণশিল্পীদের এলাকা তাই চারদিকে সিসিক্যামেরা লাগানো রয়েছে। প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে।” গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।



