খবর লাইভ : ভারতের দ্বিতীয় ঢেউ এবার নিয়ন্ত্রণে। বিগত কয়েকদিন ধরেই দেশে করোনার দৈনিক সংক্রমণ কমছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় যা কমেছে অনেকটাই। কার্যত একাধিক রাজ্যে লকডাউন ও করোনার টিকাকরণ এই সাফল্য এনে দিয়েছে বলেই মত বিশিষ্টদের। এদিন সকাল আটটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা আপাতত দাঁড়াল ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জনে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু মিলিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনে পৌঁছাল। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। যা বিগত কয়েকদিনে অনেকটাই কম।
অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউ ভারতে দুর্বল হয়ে গিয়েছে বলাই যায়। দেশে যেভাবে চোখ রাঙাচ্ছিল করোনা সেটার হাত থেকে রেহাই পাওয়ায় নিশ্চিন্তে রয়েছেন চিকিৎসকেরা। কার্যত দেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছিল এই করোনার দ্বিতীয় ঢেউতে। দেশে চিকিৎসাধীন রুগীর সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন।
আপাতত মোট ২১,৬০,৪৬,৬৩৮ জন দেশবাসীকে করোনার টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই সমস্ত দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। চলতি মাস থেকেই বেসরকারি হাসপাতালে মিলবে রাশিয়ার তৈরি করোনা টিকা ‘স্পুটনিক ভি’।



