খবর লাইভ : ‘খবর লাইভ’ এর খবরেই শিলমোহর। রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস তথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর তাঁর জায়গায় নয়া স্বরাষ্ট্রসচিব হলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতর ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব তথা ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যের মুখ্যসচিব হিসেবে সোমবারই তাঁর কর্মজীবনের শেষ দিনে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কর্মজীবনের শেষ দিনেই অবসর নিলেন আলাপন। অবসরের পরে তাঁকে প্রশাসনিক উপদেষ্টার পদে বসানো হবে। আর তাঁর পরিবর্তে মুখ্যসচিবের দায়িত্ব নেবেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ১৯৮৮ ক্যাডারের আইএএস আধিকারিক কর্মজীবনে দক্ষ আমলা হিসেবেই পরিচিত। আগামী ২০২৩ সালের জুন মাসের শেষের দিনে তিনি অবসর নেবেন। এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে সকালে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হওয়ার দৌড়ে সেচ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ১৯৮৮ ক্যাডারের আইএএস নবীন প্রকাশ এগিয়ে থাকলেও মাত্র কয়েক মাস তাঁর কর্মজীবনের মেয়াদ থাকায় পিছিয়ে পড়েন তিনি। তাঁর জায়গায় পিছন থেকে উঠে আসেন আর এক দক্ষ আমলা তথা প্রাণিসম্পদ বিকাশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বি পি গোপালিকা। পরিবহণ সহ একাধিক দফতরের সচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি বর্তমানে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রশাসন কর্মিবর্গ দফতরের দায়িত্বও সামলাচ্ছেন। ফলে স্বরাষ্ট্র দফতরের কাজকর্ম সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল। তাছাড়া আগামী ২০২৪ সালের ৩১ মে অবসর নেবেন তিনি। ফলে অনেকটা সময় হাতে থাকছে তাঁর।



