খবর লাইভ : ঘূর্ণিঝড় যশে ধ্বস্ত বাংলা ও ওড়িশার একাধিক জেলা। এবার কেন্দ্রের সাংসদ তহবিলের টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, পরপর দুটি আর্থিক বছরে সাংসদ তহবিলের অর্থ পাওয়া যায়নি। তাই এবারে যশের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সময়, সেই অর্থ যাতে পাওয়া যায় তার আবেদন জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন অধীর। তিনি চিঠিতে ঘুর্ণিঝড় যশের দাপটে মানুষের চরম দুর্দশার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের পর ওড়িশা ও পশ্চিমবঙ্গের বহু মানুষ অসহায় এবং দুর্দশাগ্রস্ত। এই ঝড় দুটি রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিকে আগামী দিনে আরও খারাপ করে তুলতে পারে। সেখানে দাঁড়িয়ে যশ বিধ্বস্ত এই দুটি রাজ্যে আগামী দিনে করোনা মোকাবিলার ক্ষেত্রে পিপিই কিট, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন গ্লাভস, মাস্ক এবং অক্সিমিটারও। আর সেই কারণে সাংসদের এমপি ল্যাড ফান্ডকে ফের কার্যকরী করে তোলার জন্য তিনি লোকসভার স্পিকারের কাছে অনুরোধ করেন। এই সঙ্কটকালীন মুহূর্তে অবিলম্বে যাতে বন্ধ করে রাখা এমপি ল্যাডের ফান্ডকে কার্যকর করে তোলা যায় সেই ব্যাপারে লোকসভার স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন সাংসদ। অধীর বলেন, এমপি ল্যাডের ফান্ড ফের চালু করা হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজে গতি আসতে পারে। ওই তহবিলে পড়ে থাকা অর্থ খরচ করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার জন্য ইতিপূর্বে কেন্দ্রে ও রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলেন অধীর। একইসঙ্গে তিনি নিজের এলাকায় ডিআরডিওর সহায়তায় ৫০০ বেডের কোভিড হাসপাতাল তৈরি করার জন্য কেন্দ্রকে চিঠি দেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথাও হয়।



