খবর লাইভ : করোনার ছোবলে যেসব শিশুরা অনাথ হয়েছে, তাদের এখনই সাহায্য করতে রাজ্য গুলোকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এলএন রাও ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চের মন্তব্য, “অতিমারির ফলে এত বড় দেশে কতজন শিশু অনাথ হয়েছে, তা কল্পনা করা সম্ভব নয়। যে শিশুরা অনাহারে রয়েছে তাদের যন্ত্রণা রাজ্যগুলির বোঝা উচিত। তাদের এখনই সাহায্য করতে হবে। সেই জন্য আদালতের নির্দেশের প্রয়োজন নেই। নাবালক বিচার আইন অনুযায়ী এই বিষয়ে রাজ্যগুলির কর্তব্য আছে।”
১ এপ্রিল থেকে ২৫ মে এর মধ্যে করোনার কোপে দেশে অনাথ হয়েছে ৫৭৭ টি শিশু। সম্প্রতি এই তথ্য দিয়েছে কেন্দ্র। যদিও বেশ কয়েকটি সংবাদ সংস্থার দাবি, সংখ্যাটা কোনও ভাবেই হাজারের কম নয়। এই বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায়। উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের লেখা চিঠিতে শিশু কল্যাণ মন্ত্রী প্রস্তাব দিয়েছিল, তাদের অ-বর্তমানে নাবালক সন্তানকে কার কাছে রাখা হবে, হাসপাতলে ভর্তি হওয়ার সময় মা-বাবাই যেন তা জানিয়ে দেয়। এই অবস্থায় সুপ্রিম কোর্ট বলল, রাতারাতি অনাথ হয়ে যাওয়া এই বাচ্চারা যাতে পাচার বা অন্য ষড়যন্ত্রের শিকার না হয়, সেই দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে। শিশুদের দেখাশোনা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা ভাবতেই হবে।
উল্লেখ্য দিল্লির মত কিছু রাজ্য ইতিমধ্যেই অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য পদক্ষেপ করতে শুরু করেছে। তার সহকারই এদের দায়িত্ব নেবে বলে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২৫ বছর বয়স পর্যন্ত তাদের শিক্ষা-স্বাস্থ্য-খাদ্য সব কিছুর দায়িত্ব নেবে সরকার। এমন বাচ্চাদের কথা মাথায় রেখে মুম্বইয়ে কোভিড কেয়ার ইউনিট হয়েছে। কিন্তু যেভাবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে, তাতে আশঙ্কা প্রকাশ করছে শিশু অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলি। সম্প্রতি তাদের দায়ের করা পিটিশনের শুনানিতে রাজ্যগুলিকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতিরা।


