খবর লাইভ : লক্ষ্য অ-মুসলিম শরণার্থী। তাই করোনাকালেও সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) থেকে কোনও ভাবেই পিছু হটবে না, তা ফের স্পষ্ট করে দিল কেন্দ্র। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু-শিখ-জৈন-খ্রিস্টান-পার্সি এবং বৌদ্ধদের থেকে এবার সরাসরি আবেদনপত্র চাইল কেন্দ্র।
একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও হরিয়ানার ১৩ টি জেলায় এই মুহূর্তে বসবাসকারী অ-মুসলিমরাও প্রয়োজনে সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব লাভের জন্য দরখাস্ত করতে পারেন। ওই পাঁচ রাজ্যের মধ্যে অবশ্য বাংলা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের বসবাসকারী বাংলাদেশ থেকে আসা হিন্দুদের যে আপাতত নাগরিকত্ব দেওয়ার কোনও ইচ্ছে নেই স্বরাষ্ট্র মন্ত্রকের, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট।
দেশজুড়ে বিতর্কের মধ্যেই ২০১৯ সালে CAA প্রণয়ন করে কেন্দ্র। যার বিরুদ্ধে চলতে থাকে লাগাতার আন্দোলন। ২০২০ তে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে দিল্লি। শাহিনবাগের আন্দোলন পরিচিতি পায় বিশ্বব্যাপী। তবু নাছোড় কেন্দ্র। আইনে বলা আছে, ২০১৪ র ৩১ ডিসেম্বরের আগে এই তিন প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে এসেছেন, সেই অমুসলিমরা আবেদন করলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কোভিড মহামারীর সময় এই আইন কার্যকর করা হল দেখে সমালোচনায় সরব বিরোধীরা।



