খবর লাইভ : আর বেশিদিন নয়, আগামী মাস শুরু হতে চলেছে স্পুটনিক ভি-র টিকাকরণ। সংবাদমাধ্যম সূত্রে খবর, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যাপোলো হাসপাতালে শুরু হবে এই রাশিয়ান করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া।
বৃহস্পতিবার সংস্থার ভাইস চেয়ারপার্সন শোবানা কামিনেনি বলেন, ‘ভারতে অনুমোদন প্রাপ্ত তিন নম্বর টিকা হল স্পুটনিক ভি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যাপোলো হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হবে। আমরা মনে করি, টিকা না পাওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়।’এতদিন ধরে ভারতে চলছিল কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড নামক এই দু’টি ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। আগামী মাস থেকে সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্পুটনিক ভি।
রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি-র ডোজ একবার নিতে হবে। যদিও এই বিষয়টি এখনও পরিষ্কার নয়। এটি দুটি ডোজের টিকাও হতে পারে। এক্ষেত্রে কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ডের মতো দু’টি করে ডোজ নেওয়ার প্রয়োজন হতে পারে। আর এটা সাধারণ মানুষের জন্য বেশ ভালো একটি সুবিধাজনক বিষয় হতে চলেছে বলাই যায়। কারণ, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে অসংখ্য মানুষকে। লম্বা লাইনে দাঁড়ানোর পরও পাওয়া যায়নি টিকা। তবে স্পুটনিক ভি- বাজারে এসে গেলে আর সেই ধরনের সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



