খবর লাইভ : নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি। ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক যাত্রীর সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, ২০ জনকে জীবিত ও চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির আধিকারিক ইউসুফ বিরমা।
মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকার মধ্যবর্তী অঞ্চলে আচমকাই নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১৮০ জন যাত্রী বহনের ক্ষমতা না থাকলেও অর্থের লোভে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। অতিরিক্ত যাত্রীর ভারেই নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
ভয়াবহ নৌকাডুবির পরেই স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছিলেন, ১৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। কিন্তু পরে নাইজেরিয়ার ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির আধিকারিক ইউসুফ বিরমা জানান, ১৫৬ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধানে লাগাতার তল্লাশি অভিযান চলছে।
গত ১০ মে নাইজার নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের চেষ্টায় ৬৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।



