খবর লাইভ : সিবিআইয়ের অধিকর্তা নিয়োগ নিয়ে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের দায়সারা গোছের মনোভাবে ক্ষুব্ধ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি। সোমবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা নিয়োগ নিয়ে উচ্চ ক্ষমতাপূর্ণ কমিটির বৈঠকে নিজের আপত্তির কথা নথিভুক্তও (ডিসিডেন্ট নোট) করেছেন তিনি। লোকসভায় কংগ্রেসের দলনেতার অভিযোগ, ‘সিবিআইয়ের অধিকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর দায়সারা মনোভাব দেখিয়েছে। তালিকা তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে করা হয়নি।’
সিবিআই, সিভিসি সহ দেশের বেশ কয়েকটি সংস্থার শীর্ষ পদে নিয়োগের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত বিশেষ কমিটি। তবে বর্তমানে লোকসভায় কোনও স্বীকৃত বিরোধী দল না থাকায় সবচেয়ে বড় দল হিসেবে কংগ্রেসের দলনেতা অধীর ওই কমিটিতে রয়েছেন।
গত ৩ ফেব্রুয়ারিতে সিবিআই অধিকর্তার পদ থেকে ঋষিকুমার শুক্লা অবসর নেওয়ার পরে যেভাবে সাড়ে তিন মাসের বেশি সময় ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থার শীর্ষ পদ ফাঁকা পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি এদিন সিবিআই অধিকর্তা পদে নিয়োগ চূড়ান্ত করতে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের আগেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অধীর।
তাঁর কথায়, ‘মে মাসের ১১ তারিখে সিবিআইয়ের শীর্ষ পদের জন্য ১০৯ জনের একটি তালিকা পাঠিয়েছিল কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর। অথচ সোমবার দুপুর একটা নাগাদ ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ও বিকাল চারটে নাগাদ সেখান থেকে ছয়জনের একটি নামের তালিকা পাঠানো হল। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের এমন দায়সারা গোছের মনোভাব যথেষ্টই আপত্তিজনক।’



