খবর লাইভ : দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। এবার মারণ ভাইরাস হানা দিয়েছে শিশুদের শরীরেও। রাজস্থানের দুঙ্গারপুরে তিনশোর বেশি শিশুর দেহে মিলেছে সংক্রমণ। বিশেষজ্ঞরা দাবি করেছিলেন, করোনার তৃতীয় ঢেউ থাবা বসাতে পারে শিশুদের দেহেও। মরুশহরের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুরু হয়ে গেল কোভিডের তৃতীয় ঢেউ?
প্রশাসন সূত্রে খবর, দুঙ্গারপুরে ৩১৫ জন শিশু সংক্রমিত হয়। রবিবার সকালে আর ১০ জন নতুন করে সংক্রমিত হয়েছে। অর্থাৎ ১০ থেকে ২৩ মার্চের মধ্যে ৩২৫ জন শিশু করোনা সংক্রমিত। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। তবে প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ওই জেলাতে অক্সিজেন কনসেনন্ট্রেটর ও অন্যান্য সরঞ্জাম মজুত রয়েছে। জেলা শাসক সুরেশ ওলা জানিয়েছেন, যে সব শিশুর বাবা-মা করোনা আক্রান্ত হয়েছেন, সেই শিশুরাও সংক্রমিত হয়ে পড়েছে। জেলা হাসপাতালে চিকিৎসার সব ধরণের ব্যবস্থা করা হয়েছে বলে আশ্বাস দেন জেলা শাসক।



