খবর লাইভ : বিধায়কের নির্দেশ অমান্য করেই লকডাউনে চলছে রমরমিয়ে বেআইনি কাজ। হুগলির হরিপালের পাঁটরা এলাকায় দিনের বেলাতেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। কিন্তু প্রশাসন নীরব দর্শক থাকায় এলাকাবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।
ভোট চলাকালীন পাঁটরায় বেআইনিভাবে মাটি খাদান চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বেআইনি কাজ বন্ধ করতে তখন তৎপর হয়েছিলেন হরিপালের তৎকালীন বিধায়ক তথা বর্তমানে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ওই ঘটনায় বাবু, ভোলা সহ কয়েকজনকে গ্রেফতারও করেছিল হরিপাল থানা। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর সম্প্রতি ফের বেআইনি কাজ শুরু করেছে ওই দুষ্কৃতীরা। লকডাউনের মধ্যেও তারা বেআইনিভাবে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে। যা নিয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ। তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগও জানিয়েছেন। যদিও প্রশাসন এখনও সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে এলাকাবাসীদের দাবি। তবে ভোটে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পরই ডঃ করবী মান্না ওই সমস্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবু তাঁর কথা অমান্য করেই পাঁটরা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি মাটি কাটার কাজ। ওই দুষ্কৃতীদের মধ্যে অবশ্য একজন দাবি করেছে, সুকুর আলি নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে মোটা টাকা দিয়ে তারা এই কাজ করছে। সুকুরের মাধ্যমে সেই টাকা অন্যান্য নেতাদের কাছে পৌঁছেছে। যদিও সুকুর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।



