খবর লাইভ : টানা ১১ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েল ও প্যালেস্তাইন। এরপরই দুই দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর কথায়, ডেমোক্র্যাটিকরা এখনও ইজরায়েলকে সমর্থন করে। পাশাপাশি তাঁর মত, ইজরায়েলের পাশাপাশি স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ওই অঞ্চলে শান্তি ফিরতে পারে।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ইজরায়েলের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমি মনে করি সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে থাকার অধিকার দুই দেশের নাগরিকদের রয়েছে। বাইডেনের মতে, দুই দেশের মধ্যে বোঝাপড়া ছাড়া এই এলাকায় শান্তিস্থাপন সম্ভব নয়। পাশাপাশি গাজাকে সাহায্য করার জন্য তিনি অন্যান্য দেশের সঙ্গে মিলে বড় প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেন।
ইজরায়েল ও হামাসের মধ্যে টানা ১১ দিন ধরে লড়াই চলছে। ইজরায়েলের শহর লক্ষ্য করে রকেট হামলা চালায় জঙ্গি সংগঠন হামাস। পাল্টা জবাব হিসেবে গাজা লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। যার মাশুল গুনতে হয় সাধারণ মানুষকে। অবশেষে শান্তি ফিরল গাজা ভূখণ্ডে। রীতিমতো উৎসবের চেহারা এখন সেখানে।
উল্লেখ্য, একটা সময় আমেরিকার মধ্যস্থতায় প্যালেস্তানীয় নেতা ইয়াসের আরাফতের সঙ্গে ইজরাইল সরকার একটি চুক্তি করে। অসলো নামের ওই চুক্তিতে গাজা ভূখণ্ড এবং ওয়েস্ট ব্যাংক শাসিত অঞ্চল হলেও প্যালেস্তাইনীয়দের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবি পূরণ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তাই বলেন, স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের কথা। এই ধরনের বক্তব্যের পক্ষে অবশ্য সওয়াল করতে শোনা যায়নি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।




