State

সব্যসাচী কি এবার বিজেপি ছাড়ছেন?

0
(0)

খবর লাইভ : রাজারহাট-নিউটাউনে দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে রাজনীতি করেছেন তিনি। নিন্দুকদের অলিন্দে কান পাতলে আজও শোনা যায়, কলকাতার বুকে সিন্ডিকেট সিস্টেমের ‘ফাউন্ডার ফাদার’ তিনিই। দখল কীভাবে নিজের হাতে ধরে রাখতে হয় সেটাও দেখিয়ে দিয়েছেন তিনি। দলীয় নেতানেত্রীদের ওপর ক্ষুব্ধ হয়ে বছর দুয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। প্রায় ৮ হাজার ভোটে এবার হার মানতে হয়েছে প্রতিপক্ষের কাছে। কিন্তু একটা হার মানেই তো সব শেষ নয়, অন্তত তাঁর কাছে। তাই আবারও শুরু ফিরে আসার পালা। ড্যামেজ কন্ট্রোলের পালা। আর তা করতেই বেশ মেপে গেরুয়া শিবির থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করে দিয়েছেন তিনি। তাই প্রশ্ন উঠছে, তাঁর তৃণমূলে ঘর ওয়াপসি কি শুধুই সময়ের অপেক্ষা মাত্র। নাকি নতুন কৌশলে বিজেপিতেই নিজের দর আরও বাড়াবেন তিনি, মানে বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী।

গেরুয়া শিবিরে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, তৃণমূল থেকে যাঁরা এসেছিলেন বিজেপিতে, ক্রমশ তাঁরা দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে। সেই সব নেতাদের মধ্যে প্রথম দিকে যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে অন্যতম সব্যসাচী। বিধাননগর থেকে রাজারহাট এলাকার বিজেপির কর্মী থেকে মাঝারি নেতারা এখন প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন, সব্যসাচী এখন আর তাঁদের পাত্তাও দিচ্ছেন না। না ধরছেন ফোন, না আসছেন দলের কোনও পার্টি অফিসে। এমনকি বাড়িতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ যে খুব একটা মিথ্যা নয় সেটা রাজ্য বিজেপির নেতারাও স্বীকার করে নিচ্ছেন। তাঁরা জানিয়েছেন, ভোটে হারার পর থেকেই কার্যত দলের সঙ্গে যোগাযোগ ক্রমশ কমিয়ে দিচ্ছেন সব্যসাচী। জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে গেলেও তারপর থেকে তাঁর আর দেখা নেই। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো তো বহু দূরের কথা বাড়ি থেকে ভার্চুয়াল ভাবে দলের বৈঠকেও যোগ দিচ্ছেন না তিনি। ফোন করলেও ফোন ধরছেন না। বোঝা মুশকিল তিনি দলে আদৌ আছেন কী নেই!

এর মধ্যেই খবর ছড়িয়েছে লকডাউন শুরুর আগেই বাইপাসের এক হোটেলে মাঝরাতে প্রায় ৩-৪ ঘণ্টা ধরে রাজ্যের শাসক দলের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, তৃণমূলে ফিরতে চান। যদিও এই ধরনের কোনও বৈঠকের খবর কোনও পক্ষই স্বীকার করেনি। তবে যা রটে তার কিছু তো ঘটে। আর সেখানেই উদ্বেগ বাড়ছে গেরুয়া শিবিরের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *