খবর লাইভ : রাজ্যপালের ভবনের সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ। মামলা দায়ের হল প্রতিবাদকারী ব্যক্তির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করা হয়েছে।সোমবার নারদ কাণ্ডে রাজ্যের চার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। রাজ্যপাল জগদীপ ধনকরের অনুমতি নিয়ে ফিরহাদ হাকিম-সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় ঘাসফুল সমর্থকদের বিক্ষোভ। এরপর এক ব্যক্তি মঙ্গলবার ওই চার নেতার গ্রেফতারির বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানান। রাজভবনের সামনে হাজির হয়ে যান ভেড়ার পাল নিয়ে। যিনি প্রতিবাদ জানান, তিনি একজন সিটিজেন এগেনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড কর্পোরেশন নামে একটি সংগঠনের সদস্য। পুলিশ কিছুক্ষণের মধ্যেই তাঁকে সরিয়ে দিলেও, এই ঘটনায় ক্ষুব্ধ হন রাজ্যপাল জগদীপ ধনকর। একাধিকবার টুইট করেন তিনি। প্রশ্ন তোলেন, রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে বিক্ষোভ দেখাতে পারলেন ওই ব্যক্তি।
এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে মহামারী আইনে ও করোনা বিপর্যয় মোকাবিলা আইনে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়।এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা দায়ের করা হয়। অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যপাল পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছেন।




