খবর লাইভ : স্বস্তি দিলেও শান্তি মিলল না করোনায়। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণের গ্রাফ। তবে চিকিৎসক মহলের চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের।
করোনা মোকাবিলায় কার্যত দিশেহারা গোটা দেশ। পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। আকাল অক্সিজেনের। কেন্দ্রের দেওয়া তথ্যই বলছে, ভ্যাক্সিনেশনের কাজ চললেও তা অনেকটাই শ্লথ গতিতে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের সপ্তাহের তুলনায় অনেকটা কম। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। সংখ্যাটা গত কয়েক দিনের তুলনায় বেশি। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন।
এই পরিস্থিতিতে চিকিৎসকরা গুরুত্ব দিচ্ছেন ভ্যাকসিনেশনের ওপর। যা মিলছে না বলে অভিযোগ একাধিক রাজ্যের। দেশের হাতে এসেছে আরও এক ভ্যাকসিন স্পুটনিক ভি। ইতিমধ্যেই হায়দরাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা রেড্ডিজ ল্যাবরেটরিতে ট্রায়াল শুরু হয়েছে টিকার। যা খারাপ পরিস্থিতির মধ্যেও আশা জাগাচ্ছে দেশবাসীকে।




