খবর লাইভ : প্যালেস্তাইনের উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ করতে গিয়ে কাশ্মীরে গ্রেফতার হচ্ছেন বহু মানুষ। রবিবার এই নিয়ে মুখ খুলেছেন পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। তিনি টুইটারে লিখেছেন, প্যালেস্তাইনদের নরসংহার করছে ইজরায়েল। তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিশ্ব জুড়ে। কিন্তু ইজরায়েলের অমানবিক অত্যাচারের প্রতিবাদ করলে ভারতে পুলিশ গ্রেফতার করছে সাধারণ মানুষকে। তবে কি ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করাটা ভারতে অপরাধ? প্রশ্ন তুলেছেন মেহবুবা।
প্রসঙ্গত গত শনিবার শ্রীনগর এবং সোপিয়ান থেকে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা করোনাকালে কারফিউ ভেঙে প্যালেস্তাইনদের সমর্থন এবং ইজরায়লের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন বলে অভিযোগ পুলিশের। দক্ষিণ কাশ্মীরে ঈদের দিন হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ধর্মীয় নেতা সর্জন বরকতিকে। তিনিও প্যালেস্তাইনদের সমর্থনে তাঁর বক্তব্য রাখছিলেন। মেহবুবা মুফতি সমালোচনা করেছেন কাশ্মীরের নেতা মোঃ আশরাফ সেহরাইয়ের দুই পুত্রকে গ্রেফতার করার জন্য। তিনি বলেন, কাশ্মীরে প্রতিটি ছোটখাটো সমস্যার জন্য প্রয়োগ করা হচ্ছে পাবলিক সেফটি আইন বা পিএসএ। কাশ্মীরের বহু রাজনীতিবিদ প্রশ্ন করছেন, তাহলে কি এত বছরের ভারতের প্যালেস্তাইন নীতি এখন পাল্টে গেছে। ভারত কি ইজরায়েলের দক্ষিণপন্থী নেতা নেতানিয়াহুর প্যালেস্তাইনদের উপর আক্রমণকে সমর্থন করছে ?
মেহবুবা অভিযোগ করেছেন, কাশ্মীর ইতিমধ্যেই একটি খোলা আকাশের নিচে জেলখানায় পরিণত হয়েছে। নিজের মতামত প্রকাশের অধিকারটুকু নেই মানুষের। পুলিশ ইতিমধ্যেই উপত্যকার মানুষকে সতর্ক করে দিয়েছে ‘শান্তি বিঘ্নিত’ হলে ব্যবস্থা নেওয়া হবে ।




