খবর লাইভ : নতুন বছরে প্রথম ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার আরব সাগরের তীরে। মৌসম ভবন সূত্রে খবর, আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘তওকতে’। বিগত কিছুদিন ধরেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তবে আরব সাগরের তীরে অবস্থিত পাঁচ রাজ্যে নিম্নচাপ অক্ষরেখার বিস্তার ঘটিয়েছে ‘তওকতে’। যার জেরে কেরলের দুটি জেলায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যেই কেরলের উপকূলবর্তী চেলান্নামে বন্যা দেখা দিয়েছে। সমুদ্রের জল ওই এলাকার একাধিক গ্রামে প্রবেশ করে ঘর-বাড়ি জলমগ্ন করেছে। প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে।
রবিবার গুজরাতের কাছকাছি পৌঁছাবে ‘তওকতে’। তার আগেই আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাত ও তামিলনাড়ুর কিছু অংশে। কেরলের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরুবন্তপুরম, কোল্লাম, আলাপুজ্ঝা, এরনাকুলাম, পাঠানথিতাতে। ১৮ মে সকাল পর্যন্ত আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঝড় বইবে বলে জানা গিয়েছে। গুজরাতেও ওই দিন ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে তওকতে।
লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মুম্বইতেও বৃষ্টি শুরু হয়েছে, গোয়াতেও কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবি ও সোমবার পুণে, থানে, সিন্ধুদুর্গ ও রত্নাগিরিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কেরলের ওয়েনাড়, ত্রিশূর, মল্লপুরাম, কোঝিকোর, কোট্টায়াম জেলায়। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। রাজ্যগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।




