খবর লাইভ : মারণ ভাইরাসের থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। গত এক মাস ধরে কলকাতারই বেসরকারি হাসপাতাল মেডিকাতে ভর্তি ছিলেন তিনি। এদিন সেখানেই মারা যান। অসীমের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অসীমবাবুকে সবাই অবশ্য চিনতেন কালী নামেই। এটাই ছিল তাঁর ডাক নাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কালীঘাটের বাড়িতেই থাকতেন। প্রায় দেড় মাস আগে তিনি কোভিডে আক্রান্ত হন। প্রথম দিকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকাল ৯টা ২০ মিনিট নাগাদ মৃত্যুর কাছে হার মানেন কালী।
তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে এবিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কোভিড নিয়ম মেনেই এদিন দুপুরের পর নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।




