খবর লাইভ : কোচবিহারে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। আর নন্দীগ্রামে পদ্ম বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যপাল জগদীপ ধনকরের জেলাসফরে সঙ্গী সেই বিজেপি নেতাই। কথা বললেন, বিজেপি নেতাকর্মীদের সঙ্গেই। আজও ব্রাত্য রয়ে গেল তৃণমূলের সমর্থকরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি মতোই এদিন সকালে বিএসএফ-এর হেলিকপ্টারে করে নন্দীগ্রামে যান রাজ্যপাল। বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুকে সঙ্গে নিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গেলেন তিনি।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় দু’দিন আগেই উত্তরবঙ্গ সফর সেরেছেন রাজ্যপাল। তৃণমূলের অভিযোগ, সেখানেও বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়েছিলেন জগদীপ ধনকর। কোচবিহার সফরে রাজ্যপালের ছায়াসঙ্গী ছিলেন বিজেপি সাংসদ নিশীথ। যা নিয়ে বহু সমালোচনা হয়। এতো কিছুর পর এবার নন্দীগ্রামেও রাজ্যপালকে স্বাগত জানালেন সেখানকার বিজেপি বিধায়ক শুভেন্দু।
এদিন নন্দীগ্রামের দক্ষিণ কেন্দামারির কালীনগর গ্রাম থেকে পরিদর্শন শুরু করেন রাজ্যপাল। বেছে বেছে বিজেপি কর্মীদের কাছে রাজ্যপাল সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান। বিজেপি কর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
এদিনও রাজ্য সরকার ও প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যপাল। ধনকর বলেন, ‘করোনায় সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে যাচ্ছে রাজ্য। পাশাপাশি রাজ্যজুড়ে চলছে ভোট পরবর্তী হিংসা। ভোটের পরে এমন হিংসার কথা আগে শুনিনি। মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন, তিনি নজর দিন।’




