খবর লাইভ :
গঙ্গায় লাইন দিয়ে ভাসছে মৃতদেহ। কারও কোনও হুঁশ নেই। স্রোতের টানে সেই মৃতদেহ উত্তর প্রদেশ থেকে ভাসতে ভাসতে চলে আসছে বিহারে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ালে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ এবং সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার পর নড়েচড়ে বসে যোগী প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নেওয়া হয়েছে ব্যবস্থা।
এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের গঙ্গায় নামানো হয়। গঙ্গায় ভাসমান দেহগুলি তুলে ধর্মীয় রীতি মেনে সৎকারের ব্যবস্থা যাতে হয়, সেই নির্দেশও দিয়েছেন উত্তরপ্রদেশের প্রশাসনিক প্রধান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদেহ সৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রামপ্রধান ও গ্রামোন্নয়ন আধিকারিককে। শহরেও এই একই দায়িত্ব পালন করবেন পুরসভার আধিকারিকরা।
উত্তর প্রদেশ এবং বিহারে এমন অনেক মৃতদেহ মিলেছে যেগুলির পচন শুরু হয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে না সেই দেহগুলি নারীর না পুরুষের। গাজিপুর, বেনারসের গঙ্গায় দেখা মিলেছে এমন অনেক মৃতদেহ। অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে জবাবদিহি চেয়ে জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশ ও বিহার সরকারকে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককেও। আগামী চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।




