খবর লাইভ : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভয়াবহ পরিস্থিতি নিয়ে ২০ মে পশ্চিমবঙ্গ সহ দেশের ১০ রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে মোদি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব।
ওই বৈঠক হবে মূলত রাজ্য ও জেলাস্তরের অফিসারদের সঙ্গে। সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক। ভার্চুয়াল ওই বৈঠকে ডাক পেয়েছেন বাংলার ৯টি জেলার প্রশাসনিক কর্তারা। আর এতেই চটেছে রাজ্য সরকার। রাজ্যের অভিযোগ, প্রধানমন্ত্রী কার্যত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে কাজ করছেন। তৃণমূলের যুক্তি, প্রধানমন্ত্রী যদি রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চান তাহলে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন। মুখ্যমন্ত্রী সেই বৈঠকের বন্দোবস্ত করে দিতেন। কেন্দ্রের এই নির্দেশিকা রাজ্যের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যাওয়া বলেই অভিযোগ ঘাসফুল শিবিরের।
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, করোনার প্রকোপ বেশি এমন ১০টি রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, হাওড়া, হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের বৈঠকে থাকতে বলা হয়েছে। কিন্তু এই নির্দেশিকা সিএমও-কে এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।




