খবর লাইভ : আরএসএস সহযোগী সংস্থা সেবা ইন্টারন্যাশনালকে প্রায় ১৮ কোটি টাকার অনুদান দিল টুইটার। এই অর্থ সাহায্য করা হয়েছে ভারতের করোনা আক্রান্তদের সাহায্যের জন্য।
টুইটার সিইও জ্যাক প্যাট্রিক জানিয়েছেন, করোনা আক্রান্তদের সাহায্য করার জন্য তাদের সংস্থার পক্ষ থেকে ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনালকে এই অনুদান দেওয়া হয়েছে। সেবা ইন্টারন্যাশনালকে দেওয়া হয় ভারতীয় মুদ্রায় ১৮ কোটি টাকার বেশি। এই করোনা অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন বহু নেট নাগরিক। একজন টুইটার বার্তায় লিখেছেন, সেবা ইন্টারন্যাশনালকে দেওয়া এই অর্থ খরচ হবে কেবল মাত্র সংঘ পরিবারের সদস্যদের মধ্যেই। এই সংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সহযোগী, তারা হিন্দুত্বের প্রচার করে আর ভারতকে শুধু বিশেষ এক ধর্মের মানুষদের জন্য উপযোগী হিসেবে বানাতে চায়। বিদেশি সংস্থার কাছ থেকে পাওয়া টাকা খরচ হবে বিশেষ এক গোষ্ঠীর মানুষের জন্য।
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট উল্লেখ করে একজন লিখেছেন, ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার সময় দাঙ্গাকারীদের সমর্থন দেওয়ার অভিযোগে এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল।
ব্রিটেনের আওয়াজ সাউথ এশিয়া ওয়াচের মতে হিন্দুত্বের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আরএসএস ও তার সহযোগী সংগঠন। টুইটার তাদের মাধ্যমেই করোনা রোগীদের সেবা করতে চাইছে।
একজন আবার লিখেছেন, এই সেবা সংস্থা দলিত আদিবাসী পরিবারের শিশুদের তুলে নিয়ে গিয়ে তাদের মগজ ধোলাই করে হিন্দুত্বের পাঠ শেখানোর ব্যবস্থা করেছে। অনুদান নিয়ে এই ধরনের বিভিন্ন মন্তব্যের মাধ্যমে টুইটারকে সতর্ক করতে চেয়েছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, আরএসএস-এর সঙ্গে টুইটারের আত্মীক সম্পর্ক গড়ে উঠেছে। কেননা কট্টরবাদীদের পক্ষ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বহু পোস্ট নিয়ে আপত্তি উঠলেও টুইটার কর্তৃপক্ষ সেই সব সহজে ডিলিট করতে চায়নি।




